ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে এক লঞ্চে ধাক্কা দিয়েছে আরেক লঞ্চ। এতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার বিকাল ৫টার দিকে টার্মিনালের ১৪ নং পন্টুনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসা যাওয়া-৫’ (ঢাকা ইলিশা) লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় ‘এম ভি জাকির সম্রাট-৩’ (ঢাকা-দেউলা-ঘোষেরহাট) নামে আরেক লঞ্চ। তখন ধাক্কা দেওয়া লঞ্চের সামনের অংশের আঘাতে অপেক্ষমাণ লঞ্চের ওই যাত্রী দুজন পিষ্ট হন। এর মধ্যে এক নারী গুরুতর আহত অবস্থায় পানিতে পড়ে যান। আরেকজন নিহত হয়েছেন বলে জানা গেলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
পানিতে পড়ে যাওয়া নারীর নাম বোরা আক্তার (২০)। পুলিশ জানায়, বোরা আক্তার বরিশালের কাশিপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠেছিলেন। এ সময় পাশাপাশি থাকা দুটি লঞ্চের ঘষাঘষির মধ্যে হঠাৎ তিনি নদীতে পড়ে যান। ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ ফয়সাল আহমেদ বলেন, দুই লঞ্চের ঘষাঘষিতে সেই নারী পানিতে পড়ে যান। তার অবস্থা গুরুতর, তবে সর্বশেষ তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক মুহম্মদ মোবারক হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আসা যাওয়া- ৫’ লঞ্চের সঙ্গে ট্রলারের সংঘর্ষে সম্ভবত একজন যাত্রী নিহত হয়েছেন বলে শুনেছি। আরেকজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে। সদরঘাট ১৪ নং পণ্টুনের কাছেই এই ঘটনা ঘটেছে। আমরা আপাতত এটুকুই জানতে পেরেছি। বিস্তারিত আমরা জানলে আপনাদের জানাতে পারবো।
নৌপুলিশ সদস্য ইশতিয়াক আহমেদ বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্পটে যাই। সেখানে গিয়ে শুধু লঞ্চের গায়ে রক্ত লেগে থাকতে দেখেছি। আরেকজনকে নদী থেকে উঠিয়ে নিয়ে আসি। তবে তিনি জীবিত নাকি মৃত সেটা বলকে পারবো না। তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে ফায়ার সার্ভিসের লোকজন।
Comments
Post a Comment
Thank you for commenting.