বিস্তারিত......।
নড়াইলের সদরে তেল না পেয়ে নাহিদ সরদার (৩৩) নামে ফিলিং স্টেশনের এক ব্যবস্থাপককে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া এ ঘটনায় আহত ফিলিং স্টেশনটির কর্মচারী জিহাদ মোল্যাকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার তুলারামপুর ইউনিয়নের নড়াইল-যশোর সড়কের তুলারামপুর রেল সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
জানা যায়, রাতে সদর উপজেলার তুলারামপুরে নড়াইল-যশোর সড়কের পাশে অবস্থিত মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের জন্য ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা। তবে স্টেশনে তেল না থাকায় অপারগতা প্রকাশ করেন ব্যবস্থাপক নাহিদ সরদার এ নিয়ে ট্রাক চালক সুজাতের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে ট্রাক চালক সুজাত ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে।পরে রাত প্রায় দুইটার দিকে মোটরসাইকেল করে নিজ গ্রামে যাচ্ছিলেন ব্যবস্থাপক নাহিদ ও কর্মচারী জিহাদ। ওই সময় ট্রাক চালক সুজাত মোটরসাইকেলের পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ব্যবস্থাপক নাহিদ সরদার মারা যান। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।
Comments
Post a Comment
Thank you for commenting.