বিস্তারিত......
পঞ্চগড়ের মফিজার রহমান কলেজের অধ্যক্ষ নুরুল্লাহর বাড়িতে গভীর রাতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ আনুমানিক ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
পরিবারের সদস্যরা জানান, অধ্যক্ষ নুরুল্লাহ ও তার মা ওমরাহ পালনে বিদেশে থাকায় বাড়িতে তার স্ত্রী, দুই শিশু সন্তান ও শাশুড়ি অবস্থান করছিলেন। রাতের একসময় ৬ জন মুখোশধারী ব্যক্তি বাড়ির পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে।
Now Open
ভুক্তভোগীরা বলেন, দুর্বৃত্তরা শিশুদের গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখায় এবং আলমারির চাবি ও টাকার অবস্থান জানতে চায়। একপর্যায়ে ঘরের আলমারি, ড্রয়ার ও আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
অধ্যক্ষের স্ত্রী জেদনি আক্তার জানান, ঘুমের মধ্যে হঠাৎ মুখ চেপে ধরার বিষয়টি টের পান তিনি। পরে দেখেন, কয়েকজন মুখোশধারী তার সন্তানদের গলায় ছুরি ধরে আছে। চিৎকার না করতে হুমকি দিয়ে তারা স্বর্ণ ও টাকা নিয়ে যায়।
Ad
অধ্যক্ষের ভাই মাহমুদ উল্লাহ জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। প্রতিবেশী সানাউল্লাহ বলেন, ডাকাতির পর ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম চলছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
Ad Click
Comments
Post a Comment
Thank you for commenting.